ইফতারের পর ক্লান্তি দূর করার উপায়

ইফতারের পর ক্লান্তি দূর করার উপায়

সারাদিন রোজার পর ইফতারে ভারী খাবার খাওয়ার কারণে অনেকের ক্লান্তি অনুভূত হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ অতিরিক্ত খাবার গ্রহণ করলে হজম প্রক্রিয়ায় শরীরকে বেশি কাজ করতে হয়, ফলে রক্তপ্রবাহের একটি বড় অংশ হজমে যুক্ত হয় এবং ক্লান্তি দেখা দেয়।

ধীরে ও পরিমিতভাবে খাওয়া এই ক্লান্তি এড়াতে সহায়ক। সব খাবার একবারে না খেয়ে ধাপে ধাপে খাওয়া উচিত, যাতে শরীর অতিরিক্ত চাপ অনুভব না করে এবং খাবার ভালোভাবে হজম হয়।

হালকা ও সুষম খাবার বেছে নেওয়া জরুরি, যেমন খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করে ফলমূল, ছোলা বা ডিমের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার, সবজি, সালাদ বা হালকা স্যুপ। এগুলো সহজে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

পানিশূন্যতা দূর করতে ইফতারে প্রচুর পানি, ফল, ফলের রস, শরবত বা ডাবের পানি খাওয়া উচিত। ভাজাপোড়া খাবার কম খেয়ে পানির ঘাটতি পূরণ করা যায়, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে।

অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ, কারণ বেশি মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে পরে হঠাৎ কমে যায়, যা ক্লান্তি সৃষ্টি করে। মিষ্টির বদলে খেজুর বা ফলমূল বেছে নেওয়া ভালো।

ইফতারের পর এককাপ চা বা কফি পান করা যেতে পারে, কারণ এতে থাকা ক্যাফেইন সতেজ রাখতে কাজ করে। তবে খুব কড়া না হওয়া এবং এককাপের বেশি না পান করা উচিত।

ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করা ক্লান্তি দূর করতে এবং হজম ভালো করতে সহায়ক। শুয়ে-বসে না থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করা উচিত।

ইফতারের শুরুতে একটি খেজুর ও একগ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নেওয়া যেতে পারে। এতে নামাজ সময়মতো আদায় হবে এবং পেট খাবার হজমের জন্য প্রস্তুত হবে, যা ক্লান্তি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন