জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজতর করতে অনলাইন সময় বৃদ্ধির আবেদন করার ব্যবস্থা চালু করেছে।
এখন থেকে করদাতারা ঘরে বসেই ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে জরিমানা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন সময় বৃদ্ধি করে রিটার্ন দাখিল করতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে এই আবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন।
যদি সময় মঞ্জুর হয়, তবে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনও প্রকার জরিমানা বা অতিরিক্ত কর দেওয়া ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। তবে আবেদন করার জন্য করদাতার ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের মধ্যে আবেদন করা বাধ্যতামূলক।
এনবিআর সব সম্মানিত করদাতাকে অনুরোধ জানিয়েছে যে তারা ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে অথবা অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন। ডিজিটাল প্রক্রিয়ার ফলে আবেদন অনুমোদন বা নামঞ্জুরের বিষয়টি আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করছে এনবিআর।
এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। অনলাইনে রিটার্ন দাখিল এবারের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা সরাসরি সার্কেল অফিসে লিখিতভাবে অথবা অনলাইনে উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।
