বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন বিএসসির বাস্তবায়িত প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক প্রধান উপদেষ্টার কাছে ঋণ পরিশোধ ও লভ্যাংশ বাবদ মোট ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে বিএসসি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই ধারা বজায় রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত হলে নাবিকদের মধ্যে উৎসাহ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এদিকে, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০১৬ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে ছয়টি জাহাজ সংগ্রহের লক্ষ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

বিএসসি গত অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা আয় করে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিএসসি নতুন জাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে প্রথম বাল্ক ক্যারিয়ার জাহাজ ‘বাংলার প্রগতি’ ২০২৫ সালে ডেলিভারি গ্রহণ করবে।

এছাড়াও, বিএসসি সরকারি অর্থায়নে দুটি এমআর প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং নিজস্ব অর্থায়নে একটি আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার সংগ্রহের কার্যক্রম চালাচ্ছে। চীন থেকে আরও চারটি বড় জাহাজ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন