যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যচুক্তি জাতীয় সংসদে উত্থাপন করে পর্যালোচনার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সংগঠনের ঢাকা মহানগর শাখার আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের ঠিক তিন দিন আগে এই চুক্তি কেন করা প্রয়োজন ছিল তা স্পষ্ট নয় এবং এই চুক্তি করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ভঙ্গ করেছে।
সৈকত আরিফ আরও বলেন, জাতীয় সংসদের অধিবেশনে এই চুক্তি উত্থাপন করে পর্যালোচনার পর তা কার্যকর, সংশোধন বা বাতিল করতে হবে। ঢাকা মহানগর শাখার সভাপতি আল-আমিন রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেয়েছে।
আল-আমিন রহমান বলেন, এই সময়ে একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত থাকবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সকলের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার পাশাপাশি জনগণের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি প্রবীর সাহা, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি তুহিন ফরাজী ও রবেন বম, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন খান, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক প্রমুখ।
