বাংলাদেশে গত এক দশক ধরে সব আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের ভেন্যুতে। এবার তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির এডহক কমিটি বগুড়া, খুলনা ও ফতুল্লার তিনটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে।
বগুড়ায় ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর সেখানে শুধু নারীদের একটি ম্যাচের আয়োজন হয়েছে। খুলনায় ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ছিল শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফতুল্লায় সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৪ সালে, যেখানে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিল।
গতকাল সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির এডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। তিনি জানিয়েছেন, বগুড়ার মাঠ সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাবু বলেন, ‘আগামী বছর বগুড়াতে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে খেলা শুরুর পরিকল্পনা রয়েছে। আশা করা হচ্ছে জুন-জুলাইয়ের মধ্যে খেলা ফিরিয়ে আনা সম্ভব হবে। মাঠের ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাড লাইট সারানোর পাশাপাশি ড্রেসিংরুম, মিডিয়া বক্স এবং গ্যালারির উন্নয়নও করা হবে। এরপর খুলনায় কাজ শুরু হবে।’
