বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ডের চতুর্থ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।
অনেক সময় খেলোয়াড়রা অবসর নেওয়ার পর আর্থিকভাবে অনিশ্চয়তায় পড়েন। সেই বিষয়টি মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো তৈরি করা হবে। এজন্য প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, ‘এটা প্রাথমিকভাবে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি আগামী বোর্ড মিটিংয়েই এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবেন। কাদেরকে এবং কীভাবে কী পরিমাণ এই পেনশন প্রদান করা হবে সে সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের নিয়ে একটা আজকে প্রিন্সিপালি অ্যাগ্রি করা হয়েছে। আর তারপরে একটা কমিটি করা হয়েছে সেই কমিটি প্রপোজালটা দেবে।’
