নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১১১ রান করে, জবাবে পাকিস্তান ৫৬ রানে অল-আউট হয়।
ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসে দলনেতা ফাহিমা খাতুন ৩২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। শামীমা সুলতানা ১৩, ইসমা তানজিম ১২ ও শারমিন সুলতানা ১৫ রান করেন। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
পাকিস্তানের ইনিংসে বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেট নিতে শুরু করেন। ফারিয়া তৃষ্ণা ও ফাহিমা খাতুন ওপেনারদের বোল্ড করেন। সানজিদা আক্তার মেঘলা হুরাইনা সাজিদকে ফেরান। পাকিস্তানের সর্বোচ্চ ১২ রান করেন হাফসা খালিদ, ইউসরা আমির করেন ১১ রান।
বাংলাদেশের বোলিংয়ে সানজিদা আক্তার মেঘলা তিনটি উইকেট নেন। ফাহিমা খাতুন দুটি উইকেট পান। আর তিনজন বোলার একটি করে উইকেট নেন। ফাইনালে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে।
