বাংলাদেশ সফরে অনভিজ্ঞ দল নিয়ে এসেছে পাকিস্তান। স্কোয়াডের ৬ জন ক্রিকেটার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি জানিয়েছেন, প্রথম ম্যাচেই তিন জনের অভিষেক হতে পারে।
আফ্রিদি বলেন, ‘আগামীকাল সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে। সাহেবজাদা আমাদের টপ পারফর্মার, টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই ফরম্যাটেই এবং লিস্ট এ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে খেলবে।’
তিনি আরও দাবি করেন, বাবর আজমকে বাদ দেওয়া হয়নি, বরং এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য। ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আফ্রিদি বলেন, ‘আমরা শুধু আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি। আমি মনে করি যখন সময় আসবে তারা তাদের ভূমিকা এবং ভবিষ্যতে বিশ্বকাপের জন্য কী পরিকল্পনা আছে তা জানবে।’
একাদশে তরুণদের সুযোগ দেওয়া প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। তবে দলের প্রয়োজন এবং পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে।’
তিনি শেষ কথা হিসেবে বলেন, ‘পাকিস্তান দল সবসময় পেস বোলিংয়ের জন্য পরিচিত। আমি অবশ্যই পেস বোলারদের নিয়েই এগোব এবং নিশ্চিত করব যেন পেস বোলাররা উইকেট নেয়।’
