টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান সংগ্রহ করেছে। এটি ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড এবং এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান।
আহমেদাবাদে টস জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ভারতীয় ওপেনাররা প্রথমে ধীরগতিতে খেললেও, পরে কিউই বোলারদের ওপর চড়াও হন। প্রথম ছয় ওভারে তারা বিনা উইকেটে ৯২ রান করে।
অভিষেক শর্মা মাত্র ১৮ বলেই ফিফটি পূর্ণ করেন, তবে ২১ বলে ৫১ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে ইশান কিষাণের সঙ্গে স্যামসন ব্যাটিং করে তাণ্ডব চালান। স্যামসন ৮৯ রানে আউট হন, ৪৬ বলে তার ইনিংসে পাঁচটি চার ও আটটি ছক্কা ছিল।
ইশান কিষাণও ফিফটি পূর্ণ করেন, ২৫ বলে ৫৪ রান করেন, তার ইনিংসে চারটি করে চার ও ছক্কা ছিল।
