বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ফিফার বর্ষসেরা একাদশে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়ার অনুপস্থিতিকে ‘কৌতুক’ বলে মন্তব্য করেছেন। গত মঙ্গলবার কাতারের দোহায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ঘোষিত বর্ষসেরা একাদশে রাফিনিয়ার জায়গা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ফ্লিক বলেন, ‘এটি (পুরস্কার পাওয়ার প্রসঙ্গ) বড় বিষয় নয়, কারণ আমি তা নিয়ে পরোয়া করি না। কিন্তু ফিফার সেরা একাদশ কার্যত একটি কৌতুক, সত্যিই এটা কৌতুক মনে হয়েছে। যখন আমি দেখলাম যে সেখানে রাফিনিয়ার নাম নেই। এটি অবিশ্বাস্য।’ তিনি আরও যোগ করেন, ‘রাফিনিয়া এমন একজন খেলোয়াড় যে দলে অনেক বড় ভূমিকা রাখে। চ্যাম্পিয়ন্স লিগে ২২ গোলে তার অবদান ছিল, যা টুর্নামেন্টের সেরা। কিন্তু তার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি।’
গত মৌসুমে বার্সেলোনা লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপ জিতেছে, যেখানে রাফিনিয়া ৩৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করে অগ্রণী ভূমিকা রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হলেও তিনি ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্টের বর্ষসেরা একাদশে স্থান পাননি। ফিফার একাদশে বার্সেলোনা থেকে লামিনে ইয়ামাল ও পেদ্রি জায়গা পেয়েছেন, যেখানে পিএসজির ছয়জন খেলোয়াড় রয়েছেন।
ফ্লিক রোববার ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে রাফিনিয়ার প্রসঙ্গে কথা বলেন। এই মৌসুমে ইনজুরির কারণে রাফিনিয়া ৯ ম্যাচ খেলতে পারেননি, তবে নভেম্বরের শেষদিকে ফিরে ৪ ম্যাচে ৩ গোল করেছেন। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার ১৭ ম্যাচে পয়েন্ট ৪৩।
