ফেসবুকে হতাশা সৌম্য ও তার স্ত্রীর, ব্যাখ্যা দিলেন মিরাজ

ফেসবুকে হতাশা সৌম্য ও তার স্ত্রীর, ব্যাখ্যা দিলেন মিরাজ

গত বছর বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে ম্যাচে ৯১ রান করা সৌম্য সরকার সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের কোনো ম্যাচে একাদশে সুযোগ পাননি। এ কারণে তিনি ও তার স্ত্রী ফেসবুকে হতাশা প্রকাশ করেছেন। সৌম্য একটি ছবি পোস্ট করে নীরবেই তার হতাশা জানিয়েছেন।

সৌম্যপত্নী সিরিজ শেষে ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীটা নিষ্ঠুর। পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সৌম্যকে না খেলানোর কারণ ব্যাখ্যা করেছেন।

মিরাজ বলেন, ‘সৌম্যর বিষয় ছিল- আমরা দেখেছি বেশ কিছু দিন ধরে সে ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেটে দেখেন, ছন্দে ছিল না। আমি অনেক খুশি, সৌম্য যেভাবে পরিশ্রম করেছে। তবে আমাদের প্ল্যান ছিল ভিন্ন।’

তিনি জানান, টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজ জুড়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চেয়েছিল। মিরাজ বলেন, ‘যেহেতু সৌম্য একটু স্ট্রাগল করেছে। তানজিদ তামিম সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব।’

মিরাজ আরও বলেন, ‘আজ হয়ত সাইফকে বাদ দিতে পারতাম। কিন্তু আমাদের প্ল্যান ছিল, যেহেতু দুটি ম্যাচ তারা খেলেছে, তাদের আইডিয়া অনেক ভালো এই উইকেটে। সৌম্য খারাপ খেললে তার জন্যও চাপ হতো, সাইফের জন্যও চাপ হতো। তখন পরের সিরিজে আমরা কী করতাম?’

মিরাজ সৌম্যকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। গতবার তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন, কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’

আরও পড়ুন