বিপিএল পয়েন্ট টেবিলে শীর্ষে রংপুর ও তলানিতে নোয়াখালি

বিপিএল পয়েন্ট টেবিলে শীর্ষে রংপুর ও তলানিতে নোয়াখালি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্রায় অর্ধেক শেষ হয়েছে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একদিনের বিরতি শেষে বুধবার সিলেট পর্বে প্রতিযোগিতা আবার শুরু হবে।

এ পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস খেলেছে পাঁচটি করে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ সংখ্যা চারটি করে।

বর্তমান পয়েন্ট টেবিলে স্পষ্ট আধিপত্য রংপুর রাইডার্সের। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে ৮ পয়েন্টের সঙ্গে তারা শীর্ষে অবস্থান করছে। নিকটতম দলের সঙ্গে তাদের ব্যবধান ২ পয়েন্ট। চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে বিপিএল শুরু করছিল রংপুর। এরপর রাজশাহীর সঙ্গে সুপার ওভারে হেরে যায় তারা। তবে পরবর্তী ম্যাচগুলোতে সিলেট, ঢাকা ও আবারও চট্টগ্রামকে হারিয়ে জয়ের ধারায় ফিরে আসে দলটি।

৬ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি দল অবস্থান করছে টেবিলে। নেট রান রেটের কারণে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস, যাদের দুটি পরাজয়ই এসেছে রংপুরের বিপক্ষে। তিনটি করে জয় পেয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টানা দুই হারের পর নোয়াখালীর বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সিলেট নেট রান রেটে এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, রাজশাহী নেমে গেছে চারে। ঢাকার বিপক্ষে একমাত্র হার নিয়ে রাজশাহী এখন চতুর্থ অবস্থানে।

বড় প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে ভালো সূচনা হলেও পরের তিন ম্যাচে টানা হারে তারা পিছিয়ে পড়ে। ফলে মাত্র ২ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে শাকিব খানের দল।

অন্যদিকে নবাগত নোয়াখালী এক্সপ্রেস এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। চার ম্যাচে চার হার নিয়ে তারা টেবিলের তলানিতে, নেট রান রেটও নেমে গেছে -২.১৩১ এ।

ব্যক্তিগত পারফরম্যান্সে এখন পর্যন্ত চার ইনিংসে ২০৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক রাজশাহীর নাজমুল হোসেন শান্ত। আর ১১ উইকেট নিয়ে শীর্ষ বোলারের তালিকায় আছেন রংপুরের ফাহিম আশরাফ।

আরও পড়ুন