বিশ্বকাপের আগে এমবাপের হাঁটুর চোট নিয়ে উদ্বেগ

বিশ্বকাপের আগে এমবাপের হাঁটুর চোট নিয়ে উদ্বেগ

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে চার মাসেরও কম সময় বাকি। এই সময়ে ফ্রান্স শিবিরে কিলিয়ান এমবাপের হাঁটুর চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তারকা এমবাপে হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গত ডিসেম্বর থেকে এমবাপের বাঁ হাঁটুর একটি লিগামেন্টে প্রদাহ দেখা গেছে। তিনি গত ছয় সপ্তাহ ধরে কার্যত ‘এক পায়ে’ খেলছেন, যা তার জন্য একটি বড় সমস্যা।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকুইপে জানিয়েছে, এমবাপে অস্ত্রোপচারের ঝুঁকি এড়াতে এবং চোট বাড়াতে না দেওয়ার জন্য দ্রুতগতির চিকিৎসা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে অন্তত তিনটি লা লিগা ম্যাচে তিনি খেলতে পারবেন না। চিকিৎসকরা তাঁর হাঁটুর সাড়া পর্যবেক্ষণ করবেন।

বিশ্বকাপের জন্য এমবাপেকে পুরোপুরি ফিট রাখতে হবে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে ফ্রান্স দলের অধিনায়ক। তবে রিয়াল মাদ্রিদ এখনও পর্যন্ত এমবাপের চোট নিয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি। অনুশীলনে তার অনুপস্থিতি এবং গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার বিষয়টি উদ্বেগের সৃষ্টি করেছে।

রিয়াল মাদ্রিদের কোচ একাধিক তারকার শূন্যতায় ভুগছেন। জুড বেলিংহ্যাম এবং মিলিটাও চোটে আছেন, আর রদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত।

আরও পড়ুন