আসন্ন ফুটবল বিশ্বকাপে ক্যাটাগরি-১-এর সামনের সারির টিকিটের মূল্য ৪১০৫ ডলার, যা বাংলাদেশী টাকায় ৫ লাখ টাকারও বেশি। ফিফা ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে একই ভেন্যুর বিভিন্ন ম্যাচের টিকিট একেক দামে বিক্রি করছে। ক্যালিফর্নিয়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে এ টিকিটের সর্বোচ্চ মূল্য ৪১০৫ ডলার নির্ধারণ করা হয়েছে, আগের সপ্তাহে যার মূল্য ছিল ২৭৩৫ ডলার।
১২ জুন অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে স্বাগতিকদের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা। টিকিট বিক্রির ওয়েবসাইটে নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামক স্তর যুক্ত করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ১৯৪০ থেকে ২৩৩০ ডলারের মধ্যে।
ফিফা ৯ সেপ্টেম্বর প্রকাশিত তথ্যপত্রে ক্যাটাগরি-১ কে সর্বোচ্চ মূল্যের আসন হিসেবে উল্লেখ করেছিল, যা সাধারণত নিচের স্তরের টিকিটের অন্তর্ভুক্ত। ধারণা করা হচ্ছে, কিছু আসন নতুন উচ্চমূল্যের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কানাডার উদ্বোধনী ম্যাচের ফ্রন্ট ক্যাটাগরি-১ আসনের মূল্য ৩৩৬০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও যুক্ত করা হয়েছে। ফিফা সম্প্রতি বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ টিকিটমূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার নির্ধারণ করেছে, যা আগে ছিল ৮৬৮০ ডলার। এদিকে, ফিফার টিকিট সাইটে ফাইনালের কোন টিকিট পাওয়া যাচ্ছে না।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটিতেই হাউসফুল থাকবে। তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমর্থকদের সমালোচনার প্রেক্ষিতে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু করা হয়েছে, যেখানে কিছু টিকিট ৬০ ডলারে বিক্রি হয়েছিল। তবে সর্বশেষ বিক্রিতে এই টিকিট পাওয়া যায়নি।
