বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাস বাকি থাকতেই যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ফিফাকে চিঠি পাঠিয়েছে মানবাধিকার সংস্থা। বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছে। এর মধ্যে ইরান বিশ্বকাপে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে।

মানবাধিকার সংস্থার উদ্বেগ, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা ভুক্তভোগী ও সাংবাদিকতার স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে। দ্য স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভক্ত, সাংবাদিক ও অভিবাসী সম্প্রদায়কে ঝুঁকির মধ্যে ফেলছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে লেখা চিঠিতে তারা উল্লেখ করেছে, ‘ফুটবল বিশ্বকে একত্রিত করে, তবে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ও অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালালে বিদেশি নাগরিক ও সমর্থকরা বিপদে পড়বে।’

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ম নিয়ে উদ্বেগ ইতোমধ্যে বাড়ছে। হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গল জানিয়েছেন, প্রশাসন একটি সফল ইভেন্ট আয়োজনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিরাপদ বিশ্বকাপ আয়োজনের প্রতি গুরুত্ব দিচ্ছেন।’ তবে খেলা দেখার অপেক্ষায় থাকা ফুটবলভক্তদের মধ্যে এই বক্তব্যে পুরোপুরি আস্থা নেই, কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চিঠিতে মানবাধিকার ও স্পোর্ট সংগঠন জোট জানিয়েছে, ‘বিশ্বকাপ শুরুর আর কয়েক সপ্তাহ বাকি। কিন্তু ১৬টি ভেন্যুর অধিকাংশই এখনও মানবাধিকার পরিকল্পনা প্রকাশ করেনি। মানবাধিকার ঝুঁকি চিহ্নিত না করা ও সমাধানের ব্যবস্থা না করলে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব।’

আরও পড়ুন