গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশ। তারা বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন ঢাকার ক্লাব সংগঠকরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ক্লাব সংগঠকরা এনএসসিতে এই চিঠি জমা দেন। এক ক্লাব সংগঠক বলেন, “আমরা এনএসসির কাছে আমাদের যত অভিযোগ আছে তা জমা দিয়েছি। সেখানে বিসিবি নির্বাচন নিয়ে যত অনিয়ম হয়েছে তার তদন্ত করার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ক্রিকেটে ফিরতে চাই।”
গত বছরের অক্টোবরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত বিষয় ছিল বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এবং সরকারি হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগ তোলে।
এই ক্লাবগুলোর প্রার্থীরা ঘরোয়া ক্রিকেট বর্জনেরও ঘোষণা দিয়েছিলেন, যা এখনো সুরাহা হয়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব, ফলে ২০ দলের লিগ ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে।
নির্বাচনের পর বিসিবির নতুন কমিটির অধীনে বিপিএলসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও ক্লাব ক্রিকেট সঠিক পথে চলছে না। কয়েক মাস ধরে এ অস্থিরতা অব্যাহত রয়েছে। বর্তমান বিসিবির অধীনে ঢাকার ৪৫ ক্লাব সবধরণের ঘরোয়া ক্রিকেট বর্জন করেছে।
সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠকরা নতুন করে আশায় বুক বাঁধছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রালয়ে অভিযোগ জানিয়েছেন ঢাকার ক্লাব সংগঠকরা, যাদের মধ্যে তামিম ইকবালও রয়েছেন।
