ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেসন হোল্ডার ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’-এ তিনি বলেন, ‘আমি ভারত-পাকিস্তান ‘বিফ’ পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। ভারত এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত। এসব আমাদের খেলায় মানায় না।’
হোল্ডার আরও বলেন, ‘ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না। ভারত ও পাকিস্তান দুটিই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’
এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকরা হোল্ডারের বিরুদ্ধে তোপ দাগছেন। অনেকেই তাকে বয়কটের ডাক দিচ্ছেন। এমনকি আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিও তুলছেন ভারতীয় সমর্থকরা।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয়দের দাবির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
