অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আয়োজক দেশটি। ভারতের কাছে হারের কারণে বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হলো উইন্ডিজের।
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৯ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচের শুরুতেই ওপেনার অভিষেক শর্মা সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। উভয়েই ১০ রান করে ফিরে যান।
তৃতীয় উইকেটে ওপেনার স্যাঞ্জু স্যামসন ও দলনেতা সূর্যকুমার যাদব চাপ সামলে ৫৮ রানের জুটি গড়েন। সূর্যকুমার ১৬ বলে ১৮ রান করে আউট হন। পরের উইকেটে তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান করেন এবং হার্দিক পান্ডিয়া ১৪ বলে ১৭ রান করে ফিরে যান।
অন্যদিকে স্যাঞ্জু স্যামসন মাঠে দাপট দেখিয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন। মাত্র ৫০ বলে ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো তার এই ইনিংসটি দলের জয় নিশ্চিত করে। শিবম দুবে ৮ রানে অপরাজিত থাকেন।
ম্যাচের শুরুতে টস জিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ওপেনিং জুটিতে ক্যারিবীয়রা ৬৮ রান তোলেন। সাই হোপ ৩৩ বলে ৩২ রান করে আউট হন এবং রোস্টন চেজ ২৫ বলে ৪০ রান করেন।
অনফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। হেটমায়ার ১২ বলে ২৭ রান ও রাদারফোর্ড ৯ বলে ১৪ রান করেন। ইনিংসের শেষদিকে রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার ৬০ রানের জুটি গড়েন। পাওয়েল ১৯ বলে ৩৪ রান এবং হোল্ডার ২২ বলে ৩৭ রান করেন।
ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। তিনি ৪ ওভারে ৩৬ রান খরচায় তিনটি উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।
