রমজানে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ইফতারের বিরতি

রমজানে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ইফতারের বিরতি

আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিচ্ছে। ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দিতে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের ম্যাচে সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।

ইংল্যান্ডে সূর্যাস্তের সময় ৫টা থেকে ৭টার মধ্যে হওয়ায় মূলত শনিবার ও রবিবারের ম্যাচগুলোতেই এই বিরতি প্রয়োজন হতে পারে। তবে চলমান আক্রমণের মধ্যে খেলা থামানো হবে না এবং এই বিরতি কোনোভাবেই ট্যাকটিক্যাল টাইম-আউট বা দলীয় ড্রিংকস ব্রেক হিসেবে ব্যবহার করা যাবে না।

ম্যাচের আগে দুই দল ও কর্মকর্তারা আলোচনা করে সম্ভাব্য বিরতির সময় নির্ধারণ করবেন। ২০২১ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়। ওই বছর এপ্রিল মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের খেলায় গোল-কিকের সময় খেলা থামিয়ে ওয়েসলি ফোফানা ও শেখু কুয়াতের মতো মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছিল।

২০২৩ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এভারটন মিডফিল্ডার আবদুলাই দুকুরে বলেন, ‘প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন। আমি প্রতিদিন রোজা রাখি, একদিনও মিস করি না। ক্লাব সব ধরনের সহযোগিতা করে, এমনকি ভ্রমণের সময়ও আমাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকে।’

আরও পড়ুন