ক্রিশ্চিয়ানো রোনালদোর দাপুটে পারফরম্যান্সের ফলে আল নাসর ক্লাব সৌদি প্রো লিগে শীর্ষে উঠে এসেছে। টানা তিন ম্যাচে গোল করার পর, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আল নাসর ৫-০ গোলে পরাজিত করেছে আল নাজমাকে।
ম্যাচের শুরু থেকেই আল নাসর আধিপত্য বিস্তার করে। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের লিড এনে দেন রোনালদো। প্রথমার্ধে কিং সলে কোমান এবং ইনিগো মার্টিনেজের আরও দুটি গোলের ফলে আল নাসর ৩-০ ব্যবধানে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মানে গোল করে ব্যবধান ৪-০ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল নাসরের হাতে চলে আসে। পরে, দলের বড় তারকাদের বিশ্রাম দিতে রোনালদোসহ কয়েকজন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেন কোচ জর্জ জেসাস।
এটি রোনালদোর চলতি লিগে ২০তম গোল। গোলদাতার তালিকায় আল আহলির ইভান টনির (২৩ গোল) থেকে তিনি এখন মাত্র তিন গোল পিছিয়ে রয়েছেন। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আল নাসর টেবিলের শীর্ষে উঠে এসেছে, যা তাদের ১৯তম জয়।
