সাকিবের ফিরতে না পারা ও বিশ্বকাপের পরিকল্পনা জানালেন সিমন্স

সাকিবের ফিরতে না পারা ও বিশ্বকাপের পরিকল্পনা জানালেন সিমন্স

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য ক্রিকেটাররাও বিষয়টি নিয়ে কথা বলছেন।

তবে পাকিস্তান সিরিজে সাকিবের ফেরার সুযোগ হয়নি। এ বিষয়ে সোমবার (৯ মার্চ) জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি। সাকিব আল হাসানের ফেরার বিষয়ে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।’

এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলের পরিকল্পনা জানিয়ে সিমন্স বলেন, ‘আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলতে। কারণ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়, সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী তিনজন স্পিনারও খেলানো হতে পারে, তবে এমনটা হবে না যে একজন স্পিনার মাত্র দুই ওভার বল করবে। যে দেশে খেলা হবে, সেই কন্ডিশন মাথায় রেখেই দলকে প্রস্তুত করতে হবে।’

মিডল ওভারে দলের পারফরম্যান্সের গুরুত্ব সম্পর্কে সিমন্স বলেন, ‘মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। ওই ওভারগুলোতে যত রান আসছে, কত সিঙ্গেল বা বাউন্ডারি পাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলায় এটি একটি বড় অংশ।’

বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে পেস আক্রমণ শক্তিশালী করা এবং মিডল ওভারে রান তোলার দক্ষতা বাড়ানো এই দুই বিষয়েই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন