বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, সাকিব আল হাসানের দেশে ফেরা ও জাতীয় দলে খেলার বিষয়টি চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’
শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফারুক বলেন, ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক।’
তিনি আরও বলেন, ‘সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে।’ সাকিব আল হাসান ২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এবং এরপর থেকে আর দেশের মাটিতে আসেননি, মামলা থাকার কারণে।
একই আলোচনায়, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার না থাকা নিয়ে ফারুক বলেন, ‘আগে সাকিব, তামিম, মুশফিকরা সব ফরম্যাটে নিয়মিত খেলতেন। বর্তমানে সব ফরম্যাটে অপরিহার্য এবং নিয়মিত খেলছেন এমন ক্রিকেটার নেই বললেই চলে। সে কারণেই হয়তো অপারেশনস কমিটি এ প্লাস ক্যাটাগরি না রেখে ‘এ’ গ্রেড দিয়ে শুরু করেছে।’
