ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার হৃদরোগজনিত সমস্যার কারণে ৩৪ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিয়েছেন। গত শনিবার তার বর্তমান ক্লাব সাও পাওলো এই তথ্য নিশ্চিত করেছে।
গত নভেম্বরে হৃদরোগের জটিলতা নিয়ে অস্কার পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’ নামক সমস্যায় ভুগছেন। এই সমস্যায় হৃদস্পন্দন ও রক্তচাপ হঠাৎ কমে গিয়ে মানুষ অজ্ঞান হয়ে যায়।
সাও পাওলোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বিদায়বেলায় আবেগপ্রবণ অস্কার বলেন, ‘আমি ক্লাবের হয়ে আরও খেলতে চেয়েছিলাম। আমার দক্ষতা এবং বয়স দুটোই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্যার কারণে আমাকে থামতে হচ্ছে। এখন থেকে আমি মাঠের বদলে গ্যালারি থেকে সাও পাওলোর সমর্থন দিয়ে যাব।’
ক্যারিয়ারে চেলসির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ এবং চীনের ক্লাব সাংহাই পোর্টের হয়ে তিনবার লিগ শিরোপা জিতেছেন অস্কার। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি নিজের শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কাছে হার মেনে ফুটবলকে বিদায় জানাতে হলো এই তারকাকে।
