দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়

দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়

রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়। মদিনায় দ্বিতীয় হিজরির ১০ শাবান থেকে মুসলিমদের ওপর এটি ফরজ হয়। আল্লাহ তাআলা কুরআনে নির্দেশ দিয়েছেন, ‘রমজান মাস, এ মাসেই নাজিল করা হয়েছে কুরআন। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে। তবে কেউ রোগাক্রান্ত বা সফরে থাকলে অন্য সময়ে তা পূরণ করবে।’ (সুরা বাকারা: আয়াত ১৮৫)।

রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল, যা পরবর্তীতে নফলে পরিণত হয়। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, ‘জাহেলি যুগে কুরাইশরা আশুরার রোজা পালন করত এবং নবীজিও এটি পালন করতেন। মদিনায় আগমনের পরও তিনি এই রোজা নিজে পালন করতেন ও অন্যদের পালন করতে আদেশ দিতেন।’ (মুসনাদে আহমদ)।

রমজানের রোজা ইসলামের পাঁচটি রুকনের একটি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনেরা! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের জন্য, যেন তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো।’ (সুরা বাকারা: আয়াত ১৮৩)। রাসুলুল্লাহ (সা.) মোট ৯ বছর রমজানের রোজা রেখেছেন। তিনি দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ হওয়ার পর থেকে রোজা নিয়মিত আদায় করতেন।

আরও পড়ুন