ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, সরকারের প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রম হতে হবে জনগণের কাছে দায়বদ্ধ—এটাই নতুন সরকারের মূল দর্শন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানো সরকারের অগ্রাধিকার।
তিনি বলেন, সরকার যে নীতিমালা নির্ধারণ করবে, তা সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য। ফকির মাহবুব আনাম আরও বলেন, নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। প্রধানমন্ত্রী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাই দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
এসময় আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। তিনি জানান, বিভাগটি আইসিটি আইন ও নীতিমালা প্রণয়ন, ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ও ইনোভেশন সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, মন্ত্রীর দিকনির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারের নীতিমালা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অনুষ্ঠানে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
