কুড়িগ্রামের উলিপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘কাগজবাড়ি’ পাঁচটি বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে। গত বৃহস্পতিবার সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
পাঁচটি বিদ্যালয়ে প্রদানকৃত ল্যাপটপের মাধ্যমে ‘কাগজবাড়ি’র প্রতিনিধিরা সারা বছর শিক্ষার্থীদের বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। ‘মেডিকো বায়ো’-এর সহযোগিতায় চিকিৎসকরা এই সেবা দেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার। বিশেষ অতিথি হিসেবে তরুণ সমাজসেবক বিপ্লব আনসারী, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম খন্দকার, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. রফিকুল ইসলাম আনসারী, নওয়াব বেনু ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক এনামুল হক ও দৈনিক যুগান্তরের উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ উপস্থিত ছিলেন।
নার্গিস ফাতিমা তোকদার বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও বছরব্যাপী স্বাস্থ্যসেবা প্রদানের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে গ্রামীণ স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
কাগজবাড়ি ইডিটেকের পরিচালক জাহিদ আনোয়ার বলেন, তারা উলিপুরের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। এই কার্যক্রম পুরো কুড়িগ্রামে ছড়িয়ে দিতে চান তারা।
প্রতিষ্ঠানের আন্তর্জাতিক গণসংযোগ কর্মকর্তা নুর এ আব্দুল্লাহ হামদি জানান, কাগজবাড়িকে বিদেশের মাটিতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভাষার মাসে বিশ্বের ২১টি দেশে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে।
সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম খন্দকার বলেন, শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা শিক্ষা ও স্বাস্থ্যগত সুযোগ সুবিধা থেকে অনেক বেশি বঞ্চিত। তাদের জন্য কাগজবাড়ি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ‘মেডিকেল হেলথ ক্যাম্প’ পরিচালিত হয়। হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। সবশেষে ‘আলোর কাফেলা’ সংগঠনের পক্ষ থেকে ‘কাগজবাড়ি’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
