আজ শনিবার বায়ুদূষণের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ১৯৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শুক্রবার ঢাকার স্কোর ছিল ১৫৪, গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, যার স্কোর ৪৩৭ এবং ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২০৬ এবং ‘খুব অস্বাস্থ্যকর’। একই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৯১ এবং ‘অস্বাস্থ্যকর’। প্রতিবছর শীতের সময় ঢাকা শহরে বায়ুদূষণ বাড়ে বলে জানা গেছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
