আমনুরায় তেলবাহী ট্রেনের চার ওয়াগন লাইনচ্যুত, যাত্রা বাতিল মহানন্দার

আমনুরায় তেলবাহী ট্রেনের চার ওয়াগন লাইনচ্যুত, যাত্রা বাতিল মহানন্দার

বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে তেলবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ১০ ঘণ্টা পর বেলা তিনটার দিকে ওয়াগনগুলো উদ্ধার করা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হবে বিকেল চারটায়।

আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, আমনুরা স্টেশনের সাত নম্বর লাইনে এই ঘটনা ঘটে। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচল করা কমিউটার রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার মধ্যে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে।

ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় এই দুই জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বিকল্প উপায়ে বাস ও সিএনজিতে চলাচল করছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

ট্রেনের ওয়াগন লাইনচ্যুতের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনে সজিব ও সাইদুর রহমান নামের দুইজন যাত্রী বলেন, মাঝেমধ্যেই আমনুরায় ট্রেনের বগি বা ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। গত ২৪ জানুয়ারি একই স্থানে বগি লাইনচ্যুত হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি ঠিকঠাক নজর দেয় না।

তারা আরও বলেন, ট্রেন বন্ধ থাকলে অনেক মানুষকে বাসে যাতায়াত করতে হয়। ফলে সময় ও খরচ বাড়ে। একই সঙ্গে বাড়ে ভোগান্তিও। যাদের বাড়ি রেলস্টেশন এলাকায়, সেখান থেকে তাকে আবার সড়ক পথের জায়গায় যেতে হবে তারপরে সেখান থেকে বাসে উঠতে হবে। এ নিয়ে এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়।

বেলা দুইটা দিকে খোঁজ নিয়ে জানা গেছে, দুইটি বগি উদ্ধার হয়েছে। আরও দুটি বগি উদ্ধারে কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগতে পারে। ঘটনাস্থলে রেলওয়ে কর্মী কাজ করছে। এরআগে খবর পেয়ে পাবনার ঈশ্বরদী থেকে রিলিপ ট্রেন সকাল ১০টার দিকে এসে উদ্ধার কাজে যোগ দেয়।

এআগে আমনুরায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারনিশয়েল তেলগুলো ট্রেনের ওয়াগনে নিয়ে আসা হচ্ছিল। বিদ্যুৎ কেন্দ্রে ঢোকার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, কয়েকটি ট্রেন বিলম্ব রয়েছে। এছাড়া রাজশাহী-খুলনার মধ্যে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ২৪ জানুয়ারি একই স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। পরে সাড়ে ৭ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল।

আরও পড়ুন