আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে হাদিকে ফিরিয়ে দিন: ড. মাহমুদুর রহমানের

আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে হাদিকে ফিরিয়ে দিন: ড. মাহমুদুর রহমানের

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, “ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি- আমার সবকিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন। কারণ আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই, কিন্তু হাদির দেওয়ার এখনও অনেক কিছু বাকি।”

তিনি শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে আবেগঘন কণ্ঠে এ কথা বলেন। হাদি শুধু একজন ব্যক্তি নয়, তিনি জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি উল্লেখ করে বলেন, হাদির ওপর হামলা করে জুলাই বিপ্লবের চেতনাকে থামিয়ে দেওয়া যাবে না।

ড. মাহমুদুর রহমান জানান, ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই সমাবেশ থেকেই আগামী দিনের আন্দোলনের নতুন অধ্যায় সূচনার কথাও বলেন তিনি।

হাদির ওপর হামলার প্রতিবাদ জানাতে জনসমক্ষে আন্দোলনে শামিল হওয়ার কথা জানান তিনি। হাদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে বলেন, “নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসার সময় হাদিই আমাকে রিসিভ করতে বিমানবন্দরে চলে যায়। মাত্র পাঁচ মাস আগে আমরা একসঙ্গে আমার মায়ের দাফন সম্পন্ন করেছি। আজ সেই হাদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।”

তিনি আবারো উল্লেখ করেন, “ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি- আমার সবকিছুর বিনিময়ে হলেও হাদিকে ফিরিয়ে দিন।” তিনি বলেন, বহু ষড়যন্ত্র সত্ত্বেও জুলাই বিপ্লব পরাজিত হয়নি, হাদি তারই প্রমাণ।

তিনি মন্তব্য করেন, যারা জুলাইকে ‘বিপ্লব’ বলতে অস্বীকার করে, তারা মূলত নিজেদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে। এই প্রসঙ্গে তিনি জানান, নতুন প্রজন্মকে সতর্ক থাকতে হবে এবং তরুণদের এই লড়াইকে এগিয়ে নিতে হবে।

ড. মাহমুদুর রহমান হাদির কালচারাল উদ্যোগের কথা তুলে ধরে বলেন, “এই সময়ে যখন তরুণরা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে, তখন হাদি মানুষের কাছ থেকে বই সংগ্রহ করে একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে।” তিনি ঘোষণা দিয়ে বলেন, “আজ থেকে আমি হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম।”

তিনি জানান, ১৫ ডিসেম্বর শহীদ মিনারের সমাবেশ থেকেই আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগের দিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।

ড. মাহমুদুর রহমান বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা প্রতিহত করতে সর্বদলীয় ঐক্য অপরিহার্য।

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হামলার পূর্বেই একাধিকবার হুমকির তথ্য সরকারকে জানানো হয়েছিল, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ড. মাহমুদুর রহমান বলেন, এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ১৫ ডিসেম্বর শহীদ মিনার থেকেই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “একজন হাদিকে গুলি করে আমাদের লড়াই থামানো যাবে না। ঐক্যবদ্ধ হয়ে আমাদের আবার রুখে দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবকে পূর্ণ করতে হবে।”

আরও পড়ুন