ঈদের ছুটিতে জরুরি সেবার কর্মীরা থাকবেন কর্মরত

ঈদের ছুটিতে জরুরি সেবার কর্মীরা থাকবেন কর্মরত

পবিত্র ঈদুল ফিতরের জন্য ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার ঘোষিত এই বিশেষ ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা সচল রাখতে কিছু সেক্টরকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।

যেমন, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও যানবাহন এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এছাড়াও, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংক ও আদালতের কার্যক্রম সম্পর্কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কার্যক্রম চালু রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।

বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

সাধারণত বাংলাদেশে সরকারি ছুটির বিষয়টি সরকারি চাকরি আইন-২০১৮ এবং নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটি মূলত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে থাকে।

আরও পড়ুন