দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বদলি সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্রে জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন সচিব আব্দুল খালেক। এ সময় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও উপস্থিত থাকবেন।
এদিকে, বদলি সফটওয়্যার নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক কাজ করেছে এবং এর ট্রায়াল সম্পন্ন হয়েছে। কর্মকর্তারা জানান, ট্রায়ালে সফটওয়্যারের কার্যক্রম সন্তোষজনক হয়েছে।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ ছিল না। এনটিআরসিএ’র প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
যদিও শিক্ষকদের এক পক্ষের রিট এবং সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে বদলি কার্যক্রম এখনও শুরু হয়নি।
