গবেষণায় প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

গবেষণায় প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের র্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

সিমাগো ইনস্টিটিউশন বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ২০২৬ সালের র্যাঙ্কিং প্রকাশ করেছে। দেশভিত্তিক র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণা ক্ষেত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম স্থানে রয়েছে। গত বছর, ২০২৫ সালের র্যাঙ্কিং অনুযায়ী বেরোবির অবস্থান ছিল ৭ম।

সিমাগোর ওয়েবসাইটের তথ্যমতে, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য গবেষণায় ৫০ ভাগ, উদ্ভাবনে ৩০ ভাগ এবং সামাজিক প্রভাবে ২০ ভাগ ওয়েট দেওয়া হয়।

র্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তিন ক্যাটাগরিতে সার্বিক অবস্থানে বেরোবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ অবস্থানে হলেও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গবেষণায় প্রথম স্থান দখল করেছে বেরোবি, ৪র্থ অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১১তম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, গবেষণা হলো একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকটাকে গুরুত্ব দিচ্ছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কীভাবে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা যায়, সে চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

আরও পড়ুন