জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘটেছে। আজ সোমবার এ ইউনিটের পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে মো. মাহমুদুল্লাহ হাসান নামের এক শিক্ষার্থী আটক হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ পরীক্ষার হলের পেছনের বেঞ্চে বসে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর বের করার চেষ্টা করছিলেন। দায়িত্বরত শিক্ষকের নজরে বিষয়টি এলে তাকে তল্লাশি করে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী স্বীকার করেন, গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষায়ও তিনি একইভাবে জালিয়াতি করেছিলেন। মাইক্রোবায়োলজি বিভাগের ৪০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত ওই পরীক্ষায় তিনি চ্যাটজিপিটির সহায়তায় উত্তর লিখেছিলেন। গত ২৫ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি মেধাতালিকায় ২৪২তম স্থান অর্জন করেন।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবগত হয়েছি। অভিযুক্ত শিক্ষার্থীর ডি ইউনিটের ফলাফল বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
