ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম বেপারী ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এ রিট করেন। একই দিনে, বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষিতে আবদুস সালাম বেপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সিআইডির পুলিশ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম দাবি করেন, অভিযুক্তরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত দেশি-বিদেশি মুদ্রা পাচার করেছে।
আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহের জন্য একাধিক সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
