গার্মেন্টস বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অবরোধে নেমেছে একটি কারখানার শ্রমিকরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে ৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে এখন পর্যন্ত অবরোধ চলমান আছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডস্থ ‘কোরেস বাংলাদেশ পিএলসি’ নামের একটি গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।
শ্রমিকরা নিজেদের বকেয়া বেতন এবং গার্মেন্টসটি খোলা রাখার দাবিতে মহাসড়কের মৌচাক অংশে প্রতিবাদে নামেন। তাদের বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় লেনের সাইনবোর্ড হতে কাঁচপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন অবরোধকারীরা। শ্রমিকদের ভাষ্য, কোনো নোটিশ ছাড়া এবং আগের পাওনা বেতন না দিয়ে বন্ধ ঘোষণা করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুক বারিক জানিয়েছেন, শ্রমিকদের আমরা বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পাশে দাঁড় করিয়েছি। তারা যৌক্তিক আন্দোলন করছে। আমরা মালিকপক্ষের জন্য অপেক্ষা করছি, তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত আপডেট দেওয়া যাবে। যানজট ধীরে ধীরে ছুটছে। কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
