ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফাহিয়া আক্তার নামে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফাহিয়া সাভারের কাউনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।
এই বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, রাতে মনি আক্তার নামে সাভার থেকে এক রোগী ওই ওয়ার্ডে ভর্তি হন। তার সঙ্গে ছিলেন ফাহিয়া আক্তার। চিকিৎসক ফাহিয়াকে বাইরে যেতে বললে তিনি অস্বীকৃতি জানান। এরপর সহকারী রেজিস্ট্রার ডা. ফারজানা আক্তার মীম ও মেডিকেল অফিসার ডা. সাবিনা সুলতানা তাকে বাইরে যেতে বলেন।
মো. ফারুক আরও জানান, এক পর্যায়ে ফাহিয়া আক্তার চিকিৎসকের সঙ্গে হাতাহাতি, গালাগালিসহ অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে ওই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় এক ইন্টার্ন চিকিৎসক আহত হন। এ ঘটনার পর প্রায় চার ঘণ্টা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। পরে ঘটনার সমাধানের জন্য ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
