রাজবাড়ী জেলার সকল ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেনের অভাবে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। গত দুই দিন ধরে চালকরা পাম্পে অপেক্ষা করলেও তেল পাচ্ছেন না। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে।
চালকরা তেলের জন্য পাম্পে আসলেও তেল না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন আবার কেউ তেল পাওয়ার আশায় পাম্পের সামনে অপেক্ষা করছেন। রাজবাড়ীর পলাশ ফিলিং স্টেশনে ডিজেলের জন্য গতকাল থেকেই অপেক্ষা করছিল বেশ কিছু পরিবহন বাস, ট্রাক ও কাভার্ডভ্যান।
শ্রীপুর রাজবাড়ী ফিলিং স্টেশনে ‘ডিজেল নেই’ লেখা নোটিশ টানানো হয়েছে। সেখানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িগুলো তেল নিতে আসলেও ফিরে যেতে হচ্ছে। নতুন বাজার কাজী ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে, যেখানে গতকাল দুপুর থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে।
সরকারি পরিবহন বাসের হেলপার কামরুল ইসলাম জানান, তারা গতকাল থেকে ডিজেল পাননি, ফলে কোনো ট্রিপে যেতে পারেননি। এনজিও কর্মী রুমন শেখ বলেন, তার কাজের জন্য বিভিন্ন স্থানে যেতে হয় এবং তেলের জন্য বিভিন্ন পাম্পে যেতে হচ্ছে। তিনি জানান, বর্তমানে রাজবাড়ীর কোনো পাম্পেই তেল নেই।
কাভার্ডভ্যান চালক আব্দুস সালাম জানান, তিনি গতকাল ঢাকা থেকে মাল নিয়ে এসেছেন কিন্তু তেল না পেয়ে সারারাত পাম্পে অপেক্ষা করেছেন। ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের হেলপার কাজী রিমন বলেন, তারা দুইদিন ধরে পলাশ পাম্পে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন।
মোটরসাইকেল চালক ফজলুল হক জানান, তেল না থাকার কারণে চলাচলে অসুবিধা হচ্ছে এবং সরকারের উচিত তেলের বিষয়টি গুরুত্বের সাথে দেখা। পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না এবং দৈনিক চাহিদার তুলনায় কম তেল পাচ্ছেন।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
