দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক প্রসিকিউটরের চাকরি দুর্নীতির কারণে চলে গেছে এবং অ্যাটর্নি জেনারেল অফিসেও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে একই ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অ্যাটর্নি জেনারেল অফিসের আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত দেশ গড়ার উদ্যোগ নিয়েছেন এবং ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালু হয়েছে।
তিনি জানান, কৃষক কার্ডও শিগগিরই চালু হবে। এই সকল উদ্যোগে যদি কেউ দুর্নীতি করে সরকারকে পিছিয়ে দেয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইফতার মাহফিলে আইনমন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি আব্দুল জব্বার ভুঁইয়া এবং অনিক আর হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
