বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। পৃথক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে অভিনন্দন জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করতে দুই দেশই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়নে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান।
ওয়াং ই আরও বলেন, চীন ও বাংলাদেশের ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করেন তিনি। কৌশলগত অংশীদারত্বের আওতায় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তিনি পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে চান।
জয়শঙ্কর দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ও বহুমাত্রিক সম্পর্কের ওপর জোর দিয়ে আশা প্রকাশ করেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা অব্যাহত থাকবে এবং আরও বাড়বে।
