নির্বাচন যত ঘনিয়ে আসবে আইনশৃঙ্খলা তত উন্নত হবে: সিইসি

নির্বাচন যত ঘনিয়ে আসবে আইনশৃঙ্খলা তত উন্নত হবে: সিইসি

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একইসাথে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সিইসি দাবি করেন, ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে, তবে নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাঁধা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিষ্ট্রেশন প্রসেসে কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে কমিশন সন্তুষ্ট।

ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে।

সার্বিক প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে করা হচ্ছে উল্লেখ করে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানান সিইসি। তিনি আশা প্রকাশ করেন, এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে।

আরও পড়ুন