প্রবাসীদের জন্য সংরক্ষিত সংসদীয় আসনের দাবি

প্রবাসীদের জন্য সংরক্ষিত সংসদীয় আসনের দাবি

প্রবাসীদের অধিকার আদায় ও সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছাতে সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি (রোম), বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি (ঢাকা), বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।

লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহম্মদ তাইফুর রহমান ছোটন বলেন, সরকারের প্রতি প্রত্যাশা আগামীর বাংলাদেশে মেধা ও সততার মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসী প্রতি বছর প্রায় ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এই বিশাল জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা ও অধিকারের কথা সরাসরি সংসদে তুলে ধরার জন্য কোনো প্রতিনিধি নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমরা রেমিট্যান্স দিচ্ছি এবং দেশের উন্নয়ন করছি, তাই রাষ্ট্রীয় নীতিনির্ধারণে আমাদের প্রতিনিধিত্ব থাকা আমাদের সাংবিধানিক অধিকার। সংবাদ সম্মেলনে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে প্রবাসীদের অধিকার রক্ষায় সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং ২০৩১ সালের মধ্যে ইউরোপে ১০ লাখ দক্ষ কর্মীর বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা।

আরও পড়ুন