বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ দ্রুত আদায়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। এর জন্য ‘প্রি-সুট মিডিয়েশন’ কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশন (এডিআর) ব্যবহারে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মামলা করার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মেটানোর ‘প্রি-সুট মিডিয়েশন’ প্রক্রিয়াকে সক্রিয়ভাবে কাজে লাগাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ৩০ জুনের মধ্যে এডিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটি ব্যাংককে তাদের খেলাপি ঋণের কমপক্ষে ১ শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এর লক্ষ্যে দক্ষ ও যোগ্য মধ্যস্থতাকারী নিয়োগের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, আদালতে মামলা হওয়ার আগে মধ্যস্থতার মাধ্যমে সমাধান হলে সময় ও ব্যয় উভয়ই কমবে এবং খেলাপি ঋণ দ্রুত কমানো সম্ভব হবে।

‘প্রি-সুট মিডিয়েশন’ পরিচালনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগের ক্ষেত্রে কয়েকটি যোগ্যতার বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বীকৃত মধ্যস্থতা প্রতিষ্ঠানের প্যানেলে তালিকাভুক্ত থাকা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো স্বার্থসংঘাত না থাকা।

মধ্যস্থতাকারীর ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং মিডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তি বা আর্থিক অনিয়মের কারণে চাকরি বা পেশা থেকে অপসারিত ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগযোগ্য হবেন না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আদালতের দীর্ঘসূত্রতা এড়াতে ‘প্রি-সুট মিডিয়েশন’ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ঋণ পুনরুদ্ধারের গতি বাড়তে পারে। তবে, এজন্য ব্যাংকগুলোর সঙ্গে ঋণগ্রহীতাদের সহযোগিতাও জরুরি।

আরও পড়ুন