বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে এনপিএর উদ্বেগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে এনপিএর উদ্বেগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)।

আজ বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া সংস্কারের আহ্বান জানিয়েছে। তারা গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ গভর্নর পদে একজন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়ার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।

এনপিএর দাবি, কেন্দ্রীয় ব্যাংকের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানের শীর্ষ পদে অভিজ্ঞতা, পেশাগত সততা ও গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করে, কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হচ্ছে মূল্যস্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্থিক খাতের স্থিতি বজায় রাখা। স্বল্পমেয়াদি রাজনৈতিক বিবেচনা এ দায়িত্বে বাধা দিতে পারে।

সংগঠনটি অভিযোগ করেছে, রাজনৈতিক চাপের কারণে অতীতে একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাইসেন্স দেওয়া হয়েছে এবং ঋণের আড়ালে অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আমানতকারীরা ভোগান্তিতে পড়েছেন এবং ব্যাংক খাতের বড় অংশ ঋণখেলাপিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

এনপিএ আরও জানিয়েছে, করোনাকালে ব্যাংক খাত থেকে সুবিধা নেওয়া এবং উন্নয়ন ব্যয়ের চাপ সামাল দিতে অর্থ ছাড় দেওয়ার ফলে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

সংগঠনটি গভর্নর, ডেপুটি গভর্নর ও বোর্ড সদস্য নিয়োগে সরকারের সরাসরি হস্তক্ষেপ বন্ধ করে স্বাধীন সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি গভর্নরের নিয়মিত সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন