ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রডশিট জবাব দ্রুত পাঠানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। ১৫ কার্যদিবসের মধ্যে জবাব পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেও দীর্ঘ সময় পার হলেও অনেক ক্ষেত্রে জবাব পাওয়া যায় না। এই সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীরা অবসরে গেলে বা মৃত্যুবরণ করলে প্রতিবেদনে উল্লেখিত গুরুতর আপত্তিগুলো নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়ে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ব্রডশিট জবাব নির্ধারিত সময়ে না পাওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠান প্রধানদের এ ধরনের বিলম্ব নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা হিসেবে গণ্য হবে।

এ অবস্থায় যেসব প্রতিষ্ঠানের ব্রডশিট জবাব এখনও পেন্ডিং রয়েছে, সেগুলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে এমপিও নীতিমালা–২০২৫ এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে।

আরও পড়ুন