রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ সুশীল সংবাদমাধ্যম বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
ভিডিওতে রাকসু ভিপিকে বলতে শোনা যায়, আমরা আজকের এ প্রোগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি- প্রথম আলো, ডেইলি স্টারসহ এসব সুশীল সংবাদ পত্রিকাকে অবশ্যই বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, রাজশাহীতে ভারতীয় হাইকমিশন উচ্ছেদ করে দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষক ক্লাশে আসতে পারবে না।
রাকসু ভিপির এ বক্তব্যর সমালোচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, তিনি কি রাকসুর ভিপি, নাকি শিবিরের সভাপতি হিসেবে বক্তব্য দিচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুও ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে মন্তব্য করেছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে ক্যাম্পাসের শহীদ শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়। পরে ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে মিছিলটি নগরের সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার আওয়ামী লীগের কার্যালয় ভেঙে সেখানে পাবলিক টয়লেট স্থাপনের ঘোষণা দেন। পরে বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।
