পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাঙামাটিতে ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করতে দেখা যায়। রমজানের আগেই পণ্য হাতে পেয়ে ক্রেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে শহরের মিলন বিহার, সড়ক ও জনপদ বিভাগের কারখানা প্রাঙ্গণ, রাঙামাটি সরকারি কলেজ মাঠ, জিমনেশিয়াম মাঠ এবং নার্সিং ইনস্টিটিউট মাঠে মোট পাঁচটি স্থানে টিসিবির ডিলাররা পণ্য বিক্রি করেন। জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চলবে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পণ্য বিক্রি মনিটরিং করা হচ্ছে এবং প্রতিটি স্থানে প্রশাসনের একজন করে প্রতিনিধি উপস্থিত রয়েছে। ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর ও ২ কেজি ডাল। নির্ধারিত এই প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
