রাজবাড়ীর পাংশা ও কালুখালিতে বাড়ির পাশে পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রাম ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২) ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন (৩)।
জানা গেছে, খেলাধুলা করার সময় হঠাৎ করেই তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এ সময় স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।
ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু হুসাইন ও সোহানের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
