রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন ও সুবিধা কত

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন ও সুবিধা কত

বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন ও সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। রাষ্ট্রপতি মাসিক ১ লাখ ২০ হাজার টাকা বেতন পান এবং তার সব খরচ রাষ্ট্র বহন করে। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা, সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে ১ লাখ টাকা, দৈনিক ভাতা ৩ হাজার টাকা, বিমা কভারেজ ২৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল দেড় কোটি টাকা পান। তবে সরকারি বাসভবনে থাকলে তিনি বাড়ি ভাড়া পান না।

জাতীয় সংসদের স্পিকারের বেতন ১ লাখ ১২ হাজার টাকা। প্রধান বিচারপতি পান ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীদের ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রীদের ৮৬ হাজার ৫০০ টাকা। ডেপুটি স্পিকার, চিপ হুইপ ও বিরোধী দলীয় নেতারাও ৯২ হাজার টাকা বেতন পান। সংসদ সদস্যদের বেতন ৫৫ হাজার টাকা, সঙ্গে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিলের ভাতা এবং বিমা সুবিধা রয়েছে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দায়িত্ব পাওয়ার পর সরকারি খরচে একটি গাড়ি পান, যা পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে একটি জিপ গাড়িও পান। জ্বালানি বাবদ তারা দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের ভেতরে ভ্রমণে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দৈনিক ২ হাজার টাকা ভাতা পান, উপমন্ত্রী পান দেড় হাজার টাকা।

আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পান। এছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক পান। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে মুঠোফোনও পান।

আরও পড়ুন