শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শহরগুলোতে প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। বিগত সরকার লটারি সিস্টেম গ্রহণ করলেও, সেটি যুক্তিসঙ্গত মনে হচ্ছে না।
রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গ্রামীণ ও শহুরে দুইটি সেকশন রয়েছে। গ্রামীণ জনপদে প্রি-প্রাইমারি স্কুলগুলোর শিক্ষার্থী সংখ্যা কম্পিটিটিভ নয়, ফলে সেখানে ভর্তি সমস্যা তেমন দেখা যাচ্ছে না।
তিনি জানান, আগামী বছরে ভর্তি সিস্টেম নিয়ে অভিভাবকদের সঙ্গে সেমিনার ও সিম্পোজিয়াম করে একটি জনমত তৈরি করা হবে। ২০২৭ সালের জানুয়ারিতে নতুন ভর্তির বিষয়ে চিন্তা করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের থ্রি ডাইমেনশনাল শিক্ষা ব্যবস্থা, যেমন ধর্মীয়, মাদরাসা, কওমি, ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামকে সমন্বিত করা একটি চ্যালেঞ্জ। তবে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে।
এছাড়া, এবতেদায়ি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে এবং কওমি শিক্ষা ব্যবস্থাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে।
