ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। আন্দোলনকারীরা শাহবাগেই রাতে অবস্থান করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সন্ধ্যায় অবরোধ কর্মসূচিতে বলেন, খুনিদের গ্রেফতার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার ওসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। এখন খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না। পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেফতারই একমাত্র সমাধান।
তিনি বলেন, আমরা এই জনগণ রাজপথে নেমেছি শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। আমরা রাতভর অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেফতার করা না হয়, অবরোধ কর্মসূচি চলবে।
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
